সিরিয়ায় আইএস এর হামলায় নিহত মার্কিন সেনা, পাল্টা জবাবের ঘোষণা ট্রাম্পের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এর হামলায় দুই মার্কিন সেনা সদস্য ও এক মার্কিন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার (১৩ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, হামলাটি আইএসেরই কাজ। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং জানান, আহত আরও তিন মার্কিন নাগরিকের অবস্থা আশাব্যঞ্জক। মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, মধ্য সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরার কাছে একক আইএস বন্দুকধারী এ হামলা চালায়। হামলার সময় ওই বন্দুকধারীও নিহত হয়। প্রতিরক্ষা দপ্তরের নীতি অনুযায়ী, নিহত সেনাদের পরিচয় তাদের নিকটাত্মীয়দের জানানো না হওয়া পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না। এক বছর আগে বাশার আল-আসাদের পতনের পর মার্কিন বাহিনীর ওপর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন, নিহত বেসামরিক ব্যক্তি একজন মার্কিন দোভাষী ছিলেন। সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত মার্কিন সেনাদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। ঘটনার তদন্ত চলছে। আহতদের হেলিকপ্টারে করে সিরিয়া–ইরাক–জর্ডান সীমান্তবর্তী আল-তানফ ঘাঁটিতে নেওয়া হয়েছে।

হামলাকারীর পরিচয় নিয়ে সিরীয় কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। তারা বলেছে, হামলাকারী আইএসের সঙ্গে যুক্ত ছিল, তবে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল এমন দাবি তারা নাকচ করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, বিশ্বের যেকোনো স্থানে মার্কিন নাগরিকদের ওপর হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।বর্তমানে আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ার পূর্বাঞ্চলে কয়েকশ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ২০১৯ সালে আইএস সামরিকভাবে পরাজিত হলেও জাতিসংঘের তথ্যমতে, সিরিয়া ও ইরাকে এখনো সংগঠনটির কয়েক হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে এবং গোপন সেলে হামলা চালিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত