ভারত সফরের দ্বিতীয় দিনে মুম্বাইয়ে এসে এক অনন্য ইতিহাসের সাক্ষী হলেন লিওনেল মেসি। যে ওয়াংখেড়ে স্টেডিয়াম ভারতের ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকারের হোমগ্রাউন্ড হিসেবে পরিচিত, সেই ক্রিকেটের মক্কাতেই ফুটবল খেললেন বিশ্বসেরা ফুটবলার। এই দৃশ্যই রবিবার সন্ধ্যায় মুগ্ধ করেছে হাজারো দর্শককে।
২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক ও আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে কলকাতা ও হায়দরাবাদ ঘুরে এবার পৌঁছান মুম্বাইয়ে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছাতেই ‘মেসি-মেসি’ ধ্বনিতে গর্জে ওঠে গ্যালারি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল।
ওয়াংখেড়ের সবুজ ঘাসে নেমে মেসি শুধু উপস্থিতই ছিলেন না, অংশ নেন নানা ফুটবল কার্যক্রমেও। প্রদর্শনী ম্যাচে একটি পেনাল্টি গোল করেন তিনি। পরে বল কিক করে পাঠান গ্যালারিতে—নিচের স্তরের দর্শকদের পাশাপাশি উপরের টিয়ারের দর্শকদের দিকেও বিশেষভাবে বল পাঠাতে দেখা যায় তাকে, যা উপস্থিত ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়।
দিনটির আরেকটি বিশেষ মুহূর্ত ছিল শচিন টেন্ডুলকারের সঙ্গে মেসির সাক্ষাৎ। ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ওয়াংখেড়েতে এসে দেখা করেন আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে। ক্রিকেট ও ফুটবলের দুই আইকনের এই সাক্ষাৎ মুহূর্তে রূপ নেয় স্মরণীয় দৃশ্যে।
এদিন ওয়াংখেড়েতে অনুষ্ঠিত হয় তারকাসমৃদ্ধ ৭ বনাম ৭ একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ। ‘ইন্ডিয়ান স্টারস’ ও ‘মিত্রা স্টারস’-এর মধ্যকার ম্যাচে অংশ নেন সাবেক ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী, নারী ফুটবল দলের সাবেক তারকা বালা দেবী, রাহুল ভেকে, ইব্রাহিম আলি খানসহ বলিউড অভিনেতা টাইগার শ্রফ, জিম সার্ভ, ডিনো মোরিয়া ও পার্থ জিন্দাল। ম্যাচে হেডারে গোল করে মিত্রা স্টারসকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। পরে বালা দেবীর সহায়তায় ইন্ডিয়ান স্টারস সমতা ফেরালেও শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে এগিয়ে থাকে মিত্রা স্টারস।
ম্যাচের ফাঁকে মেসি, সুয়ারেজ ও দে পলকে তরুণী ফুটবলারদের সঙ্গে রন্দো অনুশীলনে অংশ নিতেও দেখা যায়। মহারাষ্ট্রের উঠতি ফুটবলারদের জন্য এটি ছিল ‘জীবনের একবারের অভিজ্ঞতা’—বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের সঙ্গে একই মাঠ ভাগ করে নেওয়ার সুযোগ।
পেশাদার রেসলিং থেকে অবসর নিলেন হলিউড সুপার স্টার জন সিনা