আদালতে নজরদারি বাড়াতে আইজিপিকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের চিঠি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ এএম

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট সচিবালয়।

চিঠিতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে উল্লেখ করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারকরণে নির্দেশ দেওয়া হয়। গত ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ চিঠি দেন।

এতে বলা হয়, বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অধস্তন আদালতসমূহে প্রতিদিন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের উপস্থিতিতে বিচারকার্য পরিচালিত হয়ে থাকে। বর্তমান দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

চিঠিতে সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট রুমে (এজলাস কক্ষে) আইনজীবী ব্যতীত অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশাধিকার সীমিত/নিয়ন্ত্রিত করা, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, বৈধ ও অবৈধ অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধের বিষয়টি উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, এমতাবস্থায় ওই সিদ্ধান্তের আলোকে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অধস্তন আদালতগুলোতে- আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে প্রবেশ নিয়ন্ত্রণ, বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের গতিবিধি তদারকি, আদালত এলাকায় যেকোনো প্রকার সমাবেশ, মিছিল ও নিষিদ্ধ সামগ্রী বহন রোধ, বিচারকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের সরকারি ও ব্যক্তিগত  বাসভবনের নিরাপত্তা জোরদারকরণ এবং  পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারকরণসহ প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করা অত্যন্ত  জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত