ভারত সফরে থাকা বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির যাত্রা নির্ধারিত সূচির চেয়েও দীর্ঘায়িত হয়েছে।চার শহর ঘুরে 'সর্বকালের সেরা'র ভারত সফর দিল্লিতে গতকাল শেষ হয়। সোমবার রাতে ভারত ছাড়ার কথা থাকলেও মেসি শেষ মুহূর্তে সফরসূচি পরিবর্তন করেন আম্বানি পরিবারের আমন্ত্রণে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মেসির ভারত সফরের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক আদানি গোষ্ঠী হলেও, শেষ পর্যায়ে সক্রিয় ভূমিকা নেয় রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। শিল্পপতি মুকেশ আম্বানির আমন্ত্রণে সফর বাড়াতে রাজি হন মেসি। এর ফলে দিল্লি থেকে সরাসরি ইউরোপে ফেরার পরিবর্তে রাতেই জামনগরের পথে রওনা হন তিনি।
সকালে সেখানে রিলায়্যান্স ফাউন্ডেশনের বিশেষ বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’ ঘুরে ঘুরে দেখেন মেসি। প্রায় ৩ হাজার একর বিস্তৃত এই কেন্দ্রটি তাকে ঘুরে দেখান শিল্পপতি মুকেশ আম্বানীর ছেলে অনন্ত আম্বানি। এরপর সেখান থেকে দিল্লি ফিরে সেখান থেকে ভারত ছাড়বেন তিনি।
ডিসেম্বর ১৫ তারিখে দিল্লিতে পৌঁছান আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাইয়ে সফল কর্মসূচি শেষে রাজধানীতে এসে সফরের সমাপ্তি টানেন তিনি।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত অন-ফিল্ড অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি তারকাবহুল প্রীতি ফুটবল ম্যাচ। মুখোমুখি হয় মিনার্ভা মেসি অল স্টারস ও সেলিব্রিটি মেসি অল স্টারস। খেলা শেষে মাঠে নেমে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন মেসি। পরে সুয়ারেজ ও ডি পলের সঙ্গে তরুণ ফুটবলারদের নিয়ে কিছুক্ষণ বল আদান-প্রদান করেন তিনি, যা উপস্থিত নবীন খেলোয়াড়দের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষভাগে আয়োজিত মঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, আইসিসি চেয়ারম্যান জয় শাহ, দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার সভাপতি রোহান জেটলি এবং ভারতের সাবেক ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়া। এ সময় জয় শাহ মেসি, সুয়ারেজ ও ডি পলের হাতে বিশেষভাবে প্রস্তুত ভারতীয় ক্রিকেট জার্সি তুলে দেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের স্বাক্ষর করা একটি স্মারক ব্যাটও উপহার দেওয়া হয় মেসিকে।
মুম্বাই পর্বে মেসি উপস্থিত হন ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে তিনি সাক্ষাৎ করেন ভারতের ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রী এবং ‘ভারতরত্ন’ খেতাবপ্রাপ্ত ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের সঙ্গে। ফুটবল ও ক্রিকেট—দুই মহাতারকার এই সাক্ষাৎ ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
রবিবার মুম্বাইয়ে আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির সঙ্গে নৈশভোজে অংশ নেন মেসি। এই ঘটনার পরই আম্বানি গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে এবং মেসিকে জামনগর সফরের আমন্ত্রণ জানায় বলে জানা গেছে। শিল্পপতি দুই গোষ্ঠীর এই অঘোষিত প্রতিযোগিতার মধ্যেই সফরসূচি বাড়ানোর সিদ্ধান্ত নেন মেসি।
হায়দরাবাদ ছিল মেসির সফরের দ্বিতীয় গন্তব্য। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭-জনের প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। ম্যাচে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও খেলেন। সেখানে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে ভাসেন মেসি এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
তবে সফরের প্রথম পর্ব কলকাতায় কিছুটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়। ফুটবলপাগল শহরে বিশ্বকাপজয়ী তারকাকে এক নজর দেখার আশায় ভিড় করা দর্শকদের অনেকে মাঠে অতিরিক্ত ভিআইপি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতির কারণে হতাশ হন। অনেক ভক্তই অভিযোগ করেন, টিকিট কেটে এসেও তারা মেসিকে স্পষ্টভাবে দেখার সুযোগ পাননি।
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হতে পারেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা