যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। এরপর শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদসহ অন্যান্য কর্মকর্তারা।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া হাইওয়ে পুলিশ, পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জেলা জাসাসসহ সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়াও বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া ও বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক আবু সাঈদসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ, তিন দিনব্যাপী বিজয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
