নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। তারপর থেকে ১৬ ডিসেম্বর দিনটি মহান বিজয় দিবস হিসেবে পালিত হয়। আর এই দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমনকি বাদ যায় নি শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জয়া আহসান, শবনম বুবলী, আবুল হায়াত, আসিফ আকবর ও কুসুম শিকদারের মতো জনপ্রিয় তারকারা।
এদিনকে ঘিরে জয়া আহসান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।’
মুক্তিযোদ্ধাদের অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া এবং ত্যাগের কথা স্মরণ করে জয়া আরও লেখেন, ‘তোমার প্রতি আমাদের ঋণ আমরা বিন্দুমাত্র শোধ করতে পারিনি। এই ঋণের সামান্য প্রতিদান হবে সেইদিন, যেদিন বাংলাদেশকে আমরা প্রতিটি মানুষের জন্য একটি ন্যায্য ও সাম্যের রাষ্ট্র করে তুলতে পারব।’
অভিনেত্রী দিলারা জামানের মতে, বিজয় দিবস কেবল একটি তারিখ নয়, বরং এটি একটি প্রেরণা এবং বাঙালির হৃদয়ে লালিত একটি চেতনা, যা সব বাধা অতিক্রম করার সাহস যোগায়। এই দিনটিকে গর্ব এবং আত্মত্যাগের মহিমান্বিত প্রতীক হিসেবে দেখেন তিনি। অভিনেত্রীর মতে, বিজয় দিবস বাঙালির জাতীয় জীবনের এক শ্রেষ্ঠ অর্জন এবং অনুপ্রেরণার উৎস। বিজয় দিবসের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া উচিত বলেও মনে করেন তিনি।
এদিকে চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদযাপন করেছেন একটু ভিন্নভাবে। নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা দিয়ে তুলে ধরেছেন আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। লাল-সবুজ পতাকাসহ মা-ছেলের স্নিগ্ধ সেই ছবি ফেসবুকে শেয়ার করে বুবলী লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও বিজয় দিবসের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। তিনি লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
আবুল হায়াতের কাছে বিজয় দিবস হলো এক আবেগঘন ও অশ্রুসিক্ত স্মৃতির দিন, যেদিন বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বাদ পেয়েছিল।
তবে আসিফ আকবরের মতে, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। তাই আমাদের সতর্ক থাকতে হবে। লাল-সবুজের চেতনাকে ধারণ করে দেশকে আরও এগিয়ে নিতে হবে বলেও মনে করেন তিনি।