পিরোজপুর জেলার কাউখালীতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রাইসা (৩) নামে এক শিশু মারা গেছে। সে রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের ইঁদুরবাড়ি এলাকার সুমন আকনের মেয়ে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কাউখালী বাসস্ট্যান্ড রোডে মানিক মিয়া কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।
রাইসার মামা সাংবাদিক রবিউল হাসান মনির জানান, তার মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সে তার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে বাড়ির পিছনে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। হঠাৎ সে পুকুরে পড়ে যায়। একটু পর তার মা রাইসাকে খোঁজাখুঁজি শুরু করেন।
এর কিছুক্ষণ পর পুকুরের মধ্যে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কর্মকার জানান, হাসপাতালে আনার আগে শিশুটি মারা যায়।
