বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে কুমিল্লা- ১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া বলেছেন, কিছু ধর্ম ব্যবসায়ী দাঁড়ি ও পাল্লাকে বেহেশতের চাবি হিসেবে প্রচার করছে, যা মানুষকে বিভ্রান্ত করার শামিল। ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী নামাজই বেহেশতের চাবি- এ কথা মানুষকে বুঝতে হবে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি গোমকোট বালিকা মাদ্রাসার পাশের মাঠে অনুষ্ঠিত হয়।
আব্দুল গফুর ভূঁইয়া বলেন, আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার নির্বাচন নয়; এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার নির্বাচন। আল্লাহর বিধান মেনে ইমান ও আমল ঠিক রেখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেই মানুষ বেহেশতের পথে পরিচালিত হবে এটাই ইসলামের মূল শিক্ষা।
বিজয় দিবসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একদিকে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছেন। অন্যদিকে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী স্বাধীনতার বিরোধিতা করে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। তারা কখনোই স্বাধীনতার পক্ষে ছিল না।
তিনি আরও বলেন, বর্তমানে ধর্মের নামে অর্থ ও প্রাচুর্য অর্জনের অপচেষ্টা চলছে। ইসলামে সুদের কোনো অনুমতি নেই, অথচ বিভিন্ন প্রতিষ্ঠানের আড়ালে সুদের ব্যবসা পরিচালিত হচ্ছে, যা ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। ধর্মের কথা বলে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেটিকে ‘বাইতুলমাল’ বলা হলেও বাস্তবে তা চাঁদাবাজির শামিল বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির বিরুদ্ধে গীবত ও অপপ্রচারের অভিযোগ তুলে ধরে গফুর ভূঁইয়া বলেন, কোনো ইউনিয়নে দু-একজনের অপকর্মের দায় পুরো দলের ওপর চাপিয়ে দেওয়া হয়। নিজের ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি বা বদনামের দৃষ্টান্ত নেই বলেও দাবি করেন তিনি।
নির্বাচিত হলে নাঙ্গলকোট উপজেলাকে একটি আধুনিক ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, মাদক, জুয়া, দখলবাজি ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ নির্মূলে কঠোরভাবে কাজ করা হবে।
অনুষ্ঠানে বিএনপি নেতা হাসানুজ্জামান মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা বিএনপির সদস্য মীর হোসেন মীরু, মৌকরা ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক শাহ আলম, মৌকরা ইউনিয়ন যুবদলের সভাপতি প্রত্যাশী সরওয়ার আলম মজুমদার সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
