রাশফোর্ডের শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার জয়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

কোপা দেল রের শেষ ৩২-এর ম্যাচে তৃতীয় বিভাগীয় দল গুয়াদালাহারাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে শেষ দিকে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও মার্কাস রাশফোর্ডের গোলে জয় নিশ্চিত করে কাতালান জায়ান্টরা।

ম্যাচের শুরু আধা ঘণ্টা দেরিতে হয়। গুয়াদালাহারার পেদ্রো এসকার্তিন স্টেডিয়ামে নতুন অস্থায়ী গ্যালারি নিয়ে নিরাপত্তা জটিলতার কারণে স্থানীয় প্রশাসন প্রথমে দর্শকদের প্রবেশে অনুমতি দেয়নি। পরে পুলিশের অনুমতির পর দর্শকরা ঢুকতে পারলে খেলা শুরু হয়। নতুন গ্যালারি যুক্ত হওয়ায় স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৬ হাজার থেকে বেড়ে ৮ হাজারে দাঁড়ায়।

শুরু থেকেই বলের দখল ছিল বার্সেলোনার পক্ষে। তবে রক্ষণাত্মক ফুটবল খেলা স্বাগতিক গুয়াদালাহারার বিপক্ষে পরিষ্কার সুযোগ তৈরি করতে হিমশিম খেতে হয় অতিথিদের। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘আজ দলের মানসিকতা ও মনোভাব আমাকে খুশি করেছে। কোপা দেল রের ম্যাচগুলো সহজ নয়, কারণ প্রতিপক্ষরা খুব ভালোভাবে রক্ষণ করে। শেষ পর্যন্ত আমাদের মানসিক দৃঢ়তাই জয় এনে দিয়েছে।’

এই ম্যাচে চলতি মৌসুমে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পান গোলরক্ষক টের স্টেগান। তাকে বিশ্রাম দিয়ে বসানো হয় নিয়মিত গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে। ফ্লিক জানান, স্টেগান ক্লাবের অধিনায়ক এবং দীর্ঘদিনের সদস্য। ইনজুরি কাটিয়ে ফেরার পথে এটি তার জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ। প্রথমার্ধে দুই দল পাল্টাপাল্টি আক্রমণ করে গেলেও গোলের দেখা পায়নি। বিরতির পর আক্রমণের গতি বাড়ায় বার্সা।

রাশফোর্ড বারবার বিপজ্জনকভাবে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ছিলেন। অবশেষে ৭৬তম মিনিটে কর্নার থেকে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রসে হেডে গোল করেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। এরপর ম্যাচের শেষ দিকে রাশফোর্ড তরুণ লামিনে ইয়ামালের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান। এই জয়ে কোপা দেল রের পরের রাউন্ডে জায়গা করে নিল বার্সেলোনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত