ব্রাজিল তারকা নেইমারের ইউরোপে ফেরার গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। তাকে পেতে নাকি ইউরোপের বেশ কয়েকটি ক্লাব আগ্রহী। এমন গুঞ্জনের মাঝেই ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস-এর সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তাকে দলে রাখতে চায় সান্তোস।
ইএসপিএন জানিয়েছে, নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ চলতি মাসের শেষেই শেষ হচ্ছে। তবে নতুন প্রস্তাব অনুযায়ী, ছয় মাসের একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন তিনি, যা কার্যত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত কার্যকর থাকবে। এই আলোচনায় নেইমারের বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সান্তোস কর্তৃপক্ষ মনে করছে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিক ও বাণিজ্যিক দিক থেকেও নেইমারের উপস্থিতি ক্লাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটিতে রয়েছেন। বাঁ হাঁটুর চোটে ভুগলেও মৌসুমের শেষ দিকে দারুণ পারফরম্যান্স দেখান। লিগের শেষ তিন ম্যাচে চার গোল করে সান্তোসকে শীর্ষ বিভাগে টিকে থাকতে বড় অবদান রাখেন। চিকিৎসকদের মতে, বছরের শেষের দিকে তার বাঁ হাঁটুতে ছোট পরিসরের অস্ত্রোপচার করা হতে পার এবং সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় এক মাস সময় লাগতে পারে।
মৌসুম শেষে নেইমার নিজেই জানিয়েছিলেন যে, তিনি সান্তোসেই থাকতে চান। চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাবে ফিরে আসেন এই তারকা। ইনজুরির কারণে গত দুই বছর ব্রাজিল জাতীয় দলে নিয়মিত খেলতে পারেননি। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে তার বাঁ পায়ের গুরুতর চোট লাগে। তবুও তিনি আগামী বিশ্বকাপে নিজের চতুর্থ আসরে খেলার ব্যাপারে আশাবাদী।
চলতি মৌসুমে ৩০ ম্যাচে ১২ গোলের পাশাপাশি ছয়টি গোলে সহায়তা করেছেন নেইমার। সব কিছু ঠিক থাকলে, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আরও কিছুদিন সান্তোসের জার্সিতেই দেখা যেতে পারে ব্রাজিলের এই তারকা ফুটবলারকে।
রাশফোর্ডের শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার জয়
ফিফা বেস্ট বর্ষসেরা ফুটবলার উসমান দেম্বেলে