অ্যাডিলেডে আজ বুধবার থেকে মাঠে গড়িয়েছে অ্যাশেজের তৃতীয় টেস্ট। এদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। মাথা ঘোরা ও বমিভাবজনিত ভার্টিগো সমস্যার কারণে তাকে খেলানো হয়নি। তার জায়গায় শেষ মুহূর্তে দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান উসমান খাজাকে।
ম্যাচ শুরুর ঠিক আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানায়, সাম্প্রতিক কয়েক দিন ধরে স্মিথ অসুস্থ বোধ করছিলেন। নেট অনুশীলনে ব্যাটিং করলেও তার শারীরিক অবস্থা সন্তোষজনক ছিল না। এরপর কোচ ও নির্বাচকের সঙ্গে আলোচনা শেষে তিনি তৃতীয় টেস্ট থেকে সরে দাঁড়ান।
বোর্ডের এক মুখপাত্র বলেন, স্মিথের উপসর্গের মধ্যে ছিল বমিভাব ও মাথা ঘোরা। আগেও তিনি মাঝে মাঝে এ ধরনের সমস্যায় ভুগেছেন। সতর্কতার কারণেই তাকে এই ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তার খেলার সম্ভাবনা রয়েছে।
চোট কাটিয়ে ফিট হলেও আগের দুই টেস্টে সুযোগ পাননি খাজা। ওপেনিংয়ে ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডের সফল জুটির কারণে তাকে বাইরে রাখা হয়েছিল। আজ টস জয়ের পর অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘স্মিথ আজ সকালে চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে প্রস্তুত মনে করেনি। খাজা দলে থাকাটা আমাদের জন্য সৌভাগ্যের।’
খাজা সাধারণত প্রথম শ্রেণির ক্রিকেটে চার নম্বরে ব্যাট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং সেখানে তার গড় পঞ্চাশের বেশি। আগামীকাল বৃহস্পতিবার তার বয়স হবে ঊনচল্লিশ বছর। চার দশকের মধ্যে তিনি প্রথম অস্ট্রেলীয় ক্রিকেটার, যিনি এই বয়সে টেস্ট খেলতে নামলেন। এর আগে সাম্প্রতিক ছয়টি টেস্টের মধ্যে দুটি ম্যাচ চোট বা অসুস্থতার কারণে মিস করেছেন স্মিথ।
মামলা জিতলেন এমবাপ্পে; পিএসজিকে গুনতে হবে ৬০ মিলিয়ন
ইউরোপে ফেরার গুঞ্জনের মাঝে চুক্তি নবায়নের আলোচনা শুরু নেইমারের