স্পেক্ট ফাউন্ডেশন প্রতিবেদন

কাজের চাপে 'আত্মহত্যা' করছেন ভারতের নির্বাচন কর্মীরা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

ভারতে বিতর্কিত ভোটার তালিকা সংশোধন কার্যক্রম শুরুর পর গত এক মাসে অন্তত তেত্রিশ জন নির্বাচনী কর্মকর্তা মারা গেছেন। নয়াদিল্লিভিত্তিক থিংকট্যাংক স্পেক্ট ফাউন্ডেশন এর নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত কাজের চাপ ও মানসিক যন্ত্রণার কারণে তাদের মধ্যে কয়েকজন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। 

নির্বাচন কমিশনের উদ্যোগে চার নভেম্বর থেকে ভারতের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয় 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)'। এ কার্যক্রমে বুথ লেভেল অফিসারদের (বিএলও) ঘরে ঘরে গিয়ে ভোটার যাচাই, তথ্য হালনাগাদ, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং অনলাইনে তথ্য আপলোড করতে হচ্ছে। এসব বিএলও মূলত সরকারি শিক্ষক ও নিম্নপদস্থ কর্মকর্তা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্তত নয়জন কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তাদের আত্মহত্যা সংক্রান্ত নোটে অসহনীয় কাজের চাপ এবং কাজের গতি বা ভুলের জন্য শাস্তিমূলক ব্যবস্থার হুমকির কথা উল্লেখ রয়েছে। 

অভিন্ন আরেকটি ঘটনায় লখনৌ এর চুক্তিভিত্তিক শিক্ষক বিজয় কুমার ভার্মা (৫০) গভীর রাত পর্যন্ত এসআইআরের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, দৈনিক লক্ষ্যমাত্রা পূরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার ওপর নিয়মিত চাপ দেওয়া হচ্ছিল। স্বজনরা জানান, কর্তৃপক্ষের কাছ থেকে বারবার সতর্কবার্তা পেলেও মৃত্যুর পর পরিবারটি সমবেদনা জানানো ছাড়া কোনো কার্যকর সহায়তা পায়নি।

সমালোচকদের মতে, ভোটার তালিকা সংশোধনের এই উদ্যোগ এখন একটি অমানবিক প্রক্রিয়ায় রূপ নিয়েছে, যা কর্মীদের নিরাপত্তা, দায়িত্বশীলতা এবং ভারতের বিশাল নির্বাচন ব্যবস্থার মানবিক মূল্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত