কাশ্মীর ভারতের অংশ নয়: জাতিসংঘে পাকিস্তানের দৃঢ় অবস্থান

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পিএম

জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল-এ পাকিস্তান পরিষ্কার করে বলেছে, জম্মু ও কাশ্মীর ভারতের ভূখণ্ড নয় এবং কখনোই তা স্বীকৃত হবে না। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতিসংঘের শান্তি নেতৃত্ব নিয়ে খোলা আলোচনা সভায় পাকিস্তান মিশনের কাউন্সিলর ও রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি বলেন, 'স্পষ্ট করে বলতে চাই, কাশ্মীর ভারতের অংশ নয়, কখনো ছিল না, এবং কখনোই হবে না'। 

সারওয়ানি বলেন, কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিবাদমান অঞ্চল। তিনি উল্লেখ করেন, প্রায় আট দশক আগে ভারত একটি জাতিসংঘ-নিয়ন্ত্রিত গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিল, যা আজও পূরণ হয়নি। সারওয়ানি অভিযোগ করেন, ভারত কাশ্মীরে বৃহৎ সামরিক উপস্থিতি বজায় রাখছে, মৌলিক স্বাধীনতা রোধ করছে এবং জনসংখ্যাগত পরিবর্তনের মাধ্যমে অঞ্চলটির স্বাভাবিক চরিত্র পরিবর্তনের চেষ্টা করছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তিনি আরও অভিযোগ করেন, ভারত সন্ত্রাসকে উৎসাহ দিচ্ছে। পাকিস্তানে টি.টি.পি, ফিতনা আলখওয়ারিজ ও বি.এল.এ-এর মতো গোষ্ঠীর মাধ্যমে হামলার তথ্য উল্লেখ করে তিনি বলেন, ভারত বারবার পাকিস্তানের ওপর আগ্রাসন চালাচ্ছে।
 
সারওয়ানি ভারতের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতিরও সমালোচনা করেন। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, মতপ্রকাশের দমন এবং হিন্দুত্ববাদী উগ্রতার বৃদ্ধি লক্ষ্য করা গেছে। তিনি জানান, পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়ার সমালোচনা ভারত করতে পারে না এবং ভারতের এমন বক্তব্য ন্যায়সঙ্গত নয়।

শেষে তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কাশ্মীরের ওপর দখল বন্ধ করতে, সন্ত্রাস থামাতে, জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন করতে এবং শান্তির জন্য সংলাপ শুরু করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত