আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সংস্কারকৃত নতুন এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট অন্যান্য বিচারকবৃন্দ। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রসিকিউটর ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণের টিনশেড ভবনে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম পরিচালিত হচ্ছিল। অন্যদিকে ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম চলছিল মূল ভবনে। টানা সংস্কারকাজ শেষে নতুন এজলাস উদ্বোধনের পর এখন থেকে এখানেই ট্রাইব্যুনাল-২ এর সকল বিচারকার্য পরিচালিত হবে।
