চট্টগ্রাম

মনোনয়নপত্র নিয়েছেন আমীর খসরুসহ বিএনপি-জামায়াতের ৬ প্রার্থী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজ বুধবার বিএনপি, জামায়াতে ইসলামীর ছয়জন প্রার্থীর পক্ষে তাদের প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ বিএনপি ও জামায়াতের আরও চার প্রার্থীর পক্ষে তাদের প্রতিনিধিরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) আসন থেকে, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদের একাংশ) থেকে, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন। বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে মোহাম্মদ সেলিম এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে আমিনুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ দিকে জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) এ মো. আনোয়ার হোসেন ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে মো. শাহাদাৎ হোসেন মনোনয়নপত্র নিয়েছেন। 

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র  সহকারী কমিশনার (সাধারণ) মো. হেদায়েত উল্লাহ। তিনি জানান, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তিন প্রার্থীর প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জানা গেছে, চট্টগ্রামে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এবার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী। এর বাইরে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তাদের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত