মেসির সঙ্গে আরও এক মৌসুম কাটাবেন লুইস সুয়ারেজ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ এএম

মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আরও এক বছরের নতুন চুক্তি করেছেন লুইস সুয়ারেজ। এই চুক্তির ফলে ২০২৬ মৌসুম পর্যন্ত ক্লাবটিতেই থাকবেন উরুগুয়ের অভিজ্ঞ এই স্ট্রাইকার। আগামী মাসে উনচল্লিশ বছরে পা দিতে যাওয়া সাবেক উরুগুয়ে আন্তর্জাতিক ফরোয়ার্ড গত বছর যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন।

সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি, সার্জিও বুসকেতস ও জর্দি আলবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতি ২০২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ১৭টি গোলে সহায়তা করেন সুয়ারেজ। তার গুরুত্বপূর্ণ অবদানে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে ইন্টার মায়ামি।

এমএলএস কাপ জয়ের পর বুসকেতস ও আলবা অবসর নিলেও নিজের ভবিষ্যৎ নিয়ে স্বল্প সময়ের জন্য দুশ্চিন্তায় ছিলেন সুয়ারেজ। শেষ পর্যন্ত মায়ামির সঙ্গে আগামী মাসে উনচল্লিশ বছরে পা দিতে যাওয়া সাবেক উরুগুয়ে তারকার চুক্তি নবায়ন হলো। মেসিও এর আগে গত অক্টোবরে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। যুক্তরাষ্ট্রে খেলার সময় সুয়ারেজ মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিতর্কেও জড়িয়েছেন।

গত আগস্টে লিগ কাপ ফাইনালে হারের পর সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফ সদস্যের ওপর থুতু ছিটানোর অভিযোগে তাকে ৯ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগে ২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার প্যাট্রিস এভরাকে বর্ণবাদী মন্তব্য করায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে আট ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। এছাড়া প্রতিপক্ষকে কামড়ানোর ঘটনায় আয়াক্স, উরুগুয়ে ও লিভারপুলের হয়ে তিন দফা নিষেধাজ্ঞাও ভোগ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত