পাচারের অর্থ পুনরুদ্ধারে উদ্ধার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে ৪ থেকে ৫ বছর সময় লাগে। এর নিচে সম্ভব নয়। তবে এ বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। সরকারও আন্তরিক।
বুধবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গভর্নর এ সব কথা বলেন।
এ সময় সাংবাদিতকরা কতগুলো মামলা চিহ্নিত করতে পেরেছেন–জানতে চাইলে তিনি বলেন, সংখ্যাটা এ মুহূর্তে মনে নেই। অনেক মামলা হয়েছে।
মামলা থেকে অর্থ আসবে কি না, এ ধরনের কোনো আশা পাচ্ছেন কি না, জানতে চাইলে গভর্নর বলেন, ‘আমাদের কথা বলতে হবে। বিদেশ থেকে অর্থ আনতে ৪ থেকে ৫ বছর লাগে। এর নিচে হয় না। আমরা খুবই ভাগ্যবান লন্ডন থেকে যদি সাইফুজ্জামান চৌধুরীর মামলার সমাধান হয়ে যায়, কারণ মামলাটা তারা লড়েনি, ফলে এমনিতেই মামলাটা তারা হেরে গেছে। সেখানে একটা সুযোগ আছে।
তিনি বলেন, সে টাকাটা কবে আসবে সেটা তো আমি বলতে পারব না। সেটা ফেব্রুয়ারি কিংবা জুন মাস লাগতে পারে। বাকিগুলো আবেদনের ওপর নির্ভর করে। সেটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। সেখানে আমাদের কিছু করার নেই।
