স্বাধীন বাংলাদেশে ঢাবির প্রথম সমাবর্তন হয় ১৮ ডিসেম্বর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম

সমাবর্তন বলতে আমরা সাধারণত বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক সমাপ্তিকে বুঝে থাকি। সমাবর্তন শব্দটি ইংরেজি কনভোকেশন শব্দের বাংলা অর্থ। এই দিন শিক্ষা কার্যক্রমের সমাপন শেষে ছাত্রছাত্রীদের সনদপত্র তুলে দেওয়া হয়।  স্বাধীনতার পর  বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম সমাবর্তন হয় ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর।

ঢাবির সমাবর্তনের হতিহাসের তথ্য অনুযায়ী, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর ব্রিটিশ আমলে বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯২৩ সালের ২২ ফেব্রুয়ারি।

এরপর ১৯২৪ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত প্রতি বছরই সমাবর্তন অনুষ্ঠিত হয়। সর্বমোট সংখ্যা ২৪ বার। ব্রিটিশ আমলে শেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালের ২১ নভেম্বর। পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ২৪ মার্চ। এরপর ১৯৭০ সাল পর্যন্ত আরও ১৫ বার সমাবর্তন হয়। পাকিস্তান আমলে সর্বশেষ সমাবর্তন হয় ১৯৭০ সালের ৮ মার্চ। সেটি ছিল বিশ্ববিদ্যালয়ের ৩৯তম সমাবর্তন। স্বাধীনতার পর প্রথমবারের মতো (৪০তম) সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট। বিশ্ববিদ্যালয়ের আচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রপতি হিসেবে সমাবর্তন উদ্বোধন করার কথা ছিল।  কিন্তু তার আগেই ভোররাতে ঘটে যায় নৃশংস হত্যাকাণ্ড।

এরপর ৪০তম সমাবর্তন হয় ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর। মাঝে এক বছর বাদ দিয়ে  আবার ২০০১ সালে সমাবর্তন অনুষ্ঠিত হয়। তারপর থেকে নিয়মিতভাবেই সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত