বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসের আবাসিক ও পুরাতন ঝুঁকিপূর্ণ ভবন খালি করার জন্য পুনরায় নির্দেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাউবির ভারপ্রাপ্ত পরিচালক মো.খালেকুজ্জামান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশের বিষয়ে জানানো।
বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, আগেও জারি করা একাধিক নির্দেশনার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভবনগুলোতে অবস্থানরত শিক্ষার্থীসহ সকলকে ভবন ত্যাগ করার নির্দেশ দেওয়া হলেও এখনও কিছু শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অবস্থান করছেন। যা অত্যন্ত উদ্বেগজনক। এমতাবস্থায়, শিক্ষার্থীদের জীবন ও সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভবনসমূহ পঞ্চম তলা লাল বিল্ডিংয়ের উভয় পাশ এবং আবাসিক ভবন মল্লিকা থেকে অনতিবিলম্বে সরে যাওয়ার জন্য পুনরায় কঠোর নির্দেশনা দেওয়া হলো।
তাছাড়া আগামী ১৯ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। এ অবস্থায় উল্লেখিত নির্দেশ অমান্য করে কোনো শিক্ষার্থী যদি সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ ভবনসমূহে অবস্থান করেন এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, তবে এর দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না বলেও আদেশে উল্লেখ করা হয়।
