ত্রিশালে ‘ব্যাঙের ছাতার মতো’ গজিয়ে উঠেছে অবৈধ দন্ত চিকিৎসালয়

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর শহর ও বগার বাজার চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নামসর্বস্ব অসংখ্য দন্ত চিকিৎসালয় (ডেন্টাল কেয়ার)। কোনো স্বীকৃত ডিগ্রি কিংবা বৈধ লাইসেন্স ছাড়াই এসব প্রতিষ্ঠানে চিকিৎসার নামে চলছে প্রতারণা। 

এতে একদিকে সাধারণ রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে অপচিকিৎসার কারণে পড়ছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।

সরেজমিনে দেখা গেছে, ত্রিশাল বাজারের মহিলা ডিগ্রি কলেজ রোডসহ আশপাশের এলাকায় গড়ে উঠেছে একাধিক তথাকথিত ডেন্টাল ক্লিনিক। আকর্ষণীয় সাইনবোর্ড ও রঙিন বিজ্ঞাপনের আড়ালে এসব চেম্বারে চিকিৎসা দিচ্ছেন নামধারী কিছু ‘ডেন্টিস্ট’, যাদের অধিকাংশেরই নেই বিডিএস ডিগ্রি। কেউ কেউ কেবল টেকনিশিয়ান বা সহকারীর কাজ শিখে নিজেরাই চেম্বার খুলে বসেছেন।

দাঁতের সাধারণ সমস্যার চিকিৎসা নিতে এসে অনেক রোগী অপচিকিৎসার শিকার হচ্ছেন। ভুক্তভোগী রোগী আরমান মিয়া বলেন, ‘দাঁত তুলতে গিয়ে আমি দীর্ঘমেয়াদি সংক্রমণে আক্রান্ত হয়েছি। এখানে কোনো জীবাণুমুক্ত ব্যবস্থা নেই, অথচ বড় বড় কথা বলে তারা টাকা আদায় করছে।’

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, অনিবন্ধিত এসব ক্লিনিকে ব্যবহৃত যন্ত্রপাতি যথাযথভাবে জীবাণুমুক্ত না করায় হেপাটাইটিস ও এইডসসহ নানা মরণব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকির অভাবে অবৈধ ক্লিনিক মালিকরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। তারা দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ভুয়া দন্ত চিকিৎসালয় বন্ধের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস. এম. জিয়াউল বারী বলেন, ‘বিডিএস ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক ছাড়া কেউ দাঁতের চিকিৎসা করতে পারবেন না। শিগগিরই প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত