কুমিল্লা-চাঁদপুর সড়কে রুট পারমিট ছাড়া ‘আইদি’ নামের একটি পরিবহনের বাস চলাচলের অভিযোগে কুমিল্লা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর থেকে শুরু হওয়া এ ধর্মঘটে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চট্টগ্রামসহ আন্তজেলা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পরিবহন সংশ্লিষ্টরা।
কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবহন নেতারা জানান, কুমিল্লা নগরের জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার- এই তিনটি প্রধান বাস টার্মিনাল থেকে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-ফেনী ও কুমিল্লা-চাঁদপুরসহ বিভিন্ন রুটে অন্তত ৩০টি পরিবহনের কয়েক হাজার বাস ও মিনিবাস চলাচল করে। এসব রুটে রুট পারমিটবিহীন ‘আইদি’ পরিবহন চলাচলের প্রতিবাদে সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
পরিবহন নেতাদের দাবি, ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ‘আইদি’ পরিবহন চালু হলেও কুমিল্লা থেকে তাদের কোনো রুট পারমিট দেওয়া হয়নি। এরপরও নিয়ম না মেনে তারা বাস চলাচল অব্যাহত রেখেছে।
বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে শাসনগাছা ও জাঙ্গালিয়া বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, প্রায় সব কাউন্টারেই তালা ঝুলছে। অনেক যাত্রী টার্মিনালে এসে বাস চলাচল বন্ধের বিষয়টি জানতে পারেন।
ঢাকাগামী যাত্রী মিলন মিয়া বলেন, ‘অসুস্থ দাদিকে নিয়ে ঢাকায় যাওয়ার জন্য সকাল ৯টার দিকে শাসনগাছা বাস টার্মিনালে আসি। এসে দেখি বাস বন্ধ। যাত্রীদের জিম্মি করে এভাবে দাবি আদায় কত দিন চলবে?’
একই টার্মিনালে এশিয়া লাইন পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে ভোগান্তির কথা জানান কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার বাসিন্দা আব্দুল মালেক। তিনি বলেন, ‘জরুরি কাজে মেয়েকে নিয়ে ঢাকায় যেতে হবে। কিন্তু বাস বন্ধ থাকায় বাধ্য হয়ে অটোরিকশায় করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে অন্য বাস ধরতে হবে।’
শাসনগাছা বাস টার্মিনাল থেকে সাধারণত এশিয়া লাইনের বাসে ঢাকায় যাতায়াত করেন অধিকাংশ যাত্রী। তবে ওই পরিবহনের কাউন্টারেও তালা ঝুলতে দেখা যায়। সেখানে থাকা এক বাসের হেলপার জসিম উদ্দিন বলেন, ‘ভোর থেকেই বাস চলাচল বন্ধ। প্রশাসন দাবি মেনে নিলে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।’
এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে জানিয়ে কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ বলেন, ‘প্রশাসনের নির্দেশ অমান্য করে বহিরাগত শক্তির সহযোগিতায় ‘আইদি’ পরিবহন চলাচল করছে। নিয়ম অনুযায়ী রুট পারমিট না নিলে তাদের চলাচল করতে দেওয়া হবে না।’
অন্যদিকে ‘আইদি’ পরিবহনের উপদেষ্টা তাজুল ইসলাম বলেন, ‘আমাদের বাস চলাচলে আইনগত কোনো বাধা নেই। চাঁদপুর জেলা প্রশাসকের অনুমতি নিয়েই পরিবহন চালু করা হয়েছে। তবে কুমিল্লার বাস মালিকদের একটি সিন্ডিকেট শুরু থেকেই বাধা দিচ্ছে। চাঁদপুরের অনুমোদনের কপি কুমিল্লা প্রশাসনে পাঠানো হয়েছে। এখন শুধু অনাপত্তিপত্র পেলেই চলাচল স্বাভাবিক হবে।’
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক বলেন, ‘‘আইদি’ পরিবহনের কুমিল্লা থেকে কোনো রুট পারমিট নেই। একাধিকবার তাদের বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’