দুই উইকেটের পর পিটুনি খেয়ে আর বল করেননি রিশাদ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

বিগ ব্যাশে বৃহস্পতিবার ওঠানামার মধ্য দিয়েই দিন কাটিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বোলিংয়ে নামার প্রথম ওভারেই তৃতীয় বলে উইকেট তুলে নিয়ে ভালো সূচনা করেন তিনি। পরের ওভারেও তৃতীয় বলে আরও একটি সাফল্য আসে। তবে তৃতীয় ওভারটি বেশ ব্যয়বহুল হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত মিশ্র পারফরম্যান্সেই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মেলবোর্ন স্টারসের কাছে ৮ উইকেটে হেরে যায় রিশাদের দল হোবার্ট হারিকেন্স। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে হোবার্ট তোলে মাত্র ১৫৮ রান। জবাবে চার ওভার হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্টারস।

রিশাদ তিন ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। তৃতীয় ওভারে বেশি রান হজম করার পর তাকে আর আক্রমণে ফেরাননি অধিনায়ক নাথান এলিস।

ব্যাট হাতে ম্যাচের প্রথম ইনিংসে ৯ নম্বরে নেমে তিন বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ৫ রান করে অপরাজিত থাকেন রিশাদ। হোবার্টের হয়ে বেন ম্যাকডারমট খেলেন ৫২ বলে ৬৯ রানের ইনিংস, আর টিম ডেভিড করেন ৩১ বলে ৩১ রান—এই দুজনের অবদানেই কোনোমতে দেড়শ পেরোয় দলটি।

দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে প্রথম আঘাত হানেন রিশাদ। তৃতীয় বলটি ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন থমাস রজার্স। পরের ওভারে আরেক ওপেনার জো ক্লার্ককে শর্ট ফাইন লেগে ক্যাচ বানিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন তিনি।

দুটি ওভার শেষে রিশাদের বোলিং ফিগার দাঁড়ায় ১৪ রানে ২ উইকেট। তবে দশম ওভারে আবার আক্রমণে এলে শেষ তিন বলে দুই ছক্কাসহ একাধিক বড় শট খেলেন মার্কাস স্টয়নিস। ওই ওভারে খরচ হয় ১৯ রান, এরপর আর বোলিংয়ের সুযোগ পাননি রিশাদ।

স্টয়নিস অপরাজিত থেকে ৩১ বলে ৬২ রান করেন, যেখানে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। অপর প্রান্তে ক্যাম্পবেল কেলাওয়ে ২৭ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত বাকি বোলাররাও আর কোনো উইকেট তুলতে না পারলে সহজ জয় নিশ্চিত করে মেলবোর্ন স্টারস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত