এবার ঢাকার আবাসিক হোটেল থেকে জাপা নেতার লাশ উদ্ধার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

রাজধানীর বিজয়নগরে একটি আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টির বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবার বলছে, হার্ট অ্যাটাক করেছিলেন তিনি।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পল্টন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, বুধবার সকালে হোটেল বিজয়নগরের ৩ তলার ৩২৪ নম্বর কক্ষে উঠেছিলেন তিনি। দুপুরে ওই কক্ষের বাথরুমে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তখন হোটেল কর্তৃপক্ষ ও তার এক পরিচিত সেখান থেকে তাকে বের করে। পরবর্তীতে ৯৯৯ এ খবর দিলে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিক তদন্তে মৃতের স্বজনরা জানিয়েছেন, তিনি হার্টের রোগী ছিলেন। এর আগেও তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, মৃত হাজরা শহিদুল ইসলামের ভাগনি জামাই মো. শাহিন উদ্দিন জানান, তার গ্রামের বাড়ি বাগেরহাট কচুয়া উপজেলায়। গ্রামেই থাকেন তিনি। বুধবার নমিনেশনের ফর্ম নিতে ও পার্টির মিটিংয়ে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। সাথে ছিলেন জেলা সভাপতিসহ আরও কয়েকজন। ঢাকায় আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে হোটেল বিজয়নগরেই সবসময় ওঠেন। তিনি হার্টের রোগী।

তিনি জানান, বুধবার দুপুরে পার্টি অফিসে মিটিং শেষ করে হোটেলে গিয়ে বিকেলে খাবার খান জেলা সভাপতি ও তিনি মিলে। এরপর জেলা সভাপতি চলে গেলে তিনি একাই ছিলেন রুমে। বুধবার রাত ৮টার পর থেকে তার পরিবারের কেউ ফোনে তার সাথে যোগাযোগ করতে পারছিলেন না। বৃহস্পতিবার সকালেও না পেয়ে এক পর্যায়ে তার রাজনৈতিক সহকর্মীদের ফোনে জানালে তাদেরই একজন হোটেলে গিয়ে দরজা নক করেন। তবে সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষের সাহায্যে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, বাথরুমের দরজা বন্ধ। তখন বাথরুমের দরজা ভেঙে ভেতরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্বজনরা জানান, ২০১৮ সালেও এমপি নির্বাচন করেছিলেন তিনি। তবে পাশ করতে পারেনি। রাজনীতির পাশাপাশি মাছ ধরার ট্রলারের ব্যবসা রয়েছে তার৷ এ ছাড়া সুপারির ব্যবসাও করতেন। গত রোজার মধ্যে তিনি মিনি হার্ট অ্যাটাক করেন। এরপর থেকে তিনি চিকিৎসার মধ্যে ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর জিগাতলার নারী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করলেও এনসিপির এক নেতা একে ‘খুন’ আখ্যায়িত করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত