মেসিকে নিয়ে তুলকালাম: ৫০ কোটির মানহানি মামলা সৌরভের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

লিওনেল মেসির ভারত সফর শেষ হলেও কলকাতায় তাকে নিয়ে তোলপাড় এখনো শেষ হয়নি। এবার ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তার বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষপ্রসূত অভিযোগ আনার বিরুদ্ধে কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সভাপতির বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকার মানহানির মামলা করেছেন। একই সঙ্গে তিনি সাইবার অপরাধ দমন শাখায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, অনলাইনে প্রচারিত একটি সাক্ষাৎকারে সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঘিরে সেই তুলকালাম ঘটনার সঙ্গে সৌরভ গাঙ্গুলীর নাম জড়ানো হয়। ওই সাক্ষাৎকারে দাবি করা হয়, অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তের সঙ্গে নাকি সৌরভ গাঙ্গুলীর ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং এ নিয়ে নানা অসত্য বক্তব্য উপস্থাপন করা হয়। এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে অভিযোগ করা হয়েছে।

সৌরভ গাঙ্গুলীর পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশে সংশ্লিষ্ট ব্যক্তিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ওই ভিডিও ও সংশ্লিষ্ট সব কনটেন্ট অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি লিখিতভাবে নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা চাওয়া এবং মানসিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক ক্ষতির জন্য পঞ্চাশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

অভিযোগপত্রে সৌরভ গাঙ্গুলী উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে সম্মান ও সুনাম অর্জন করেছেন। এই ধরনের মিথ্যা প্রচারণা তার ব্যক্তিগত মর্যাদা ও মানসিক শান্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও বলেন, মানহানিকর ভিডিওটি ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে সাইবার অপরাধ দমন শাখার হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি গণমাধ্যমকে জানান, সৌরভ গাঙ্গুলীর নেওয়া আইনি পদক্ষেপ সম্পর্কে তিনি অবগত হয়েছেন, তবে এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ হাতে পাননি। নোটিশ পেলে তিনি আইনগতভাবেই জবাব দেবেন বলে জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, বহু ফুটবল সমর্থক এই ঘটনায় বঞ্চিত হয়েছেন এবং তিনি নিজের সংগঠনকে রক্ষার চেষ্টা চালিয়ে যাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত