৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসছে আজ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ এএম

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আজ শনিবার দেশে আসছে। বিশ্বশান্তি রক্ষায় জীবন উৎসর্গ করা এই বীরদের প্রতি রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের মাধ্যমে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। বিমানটি আজ বেলা ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

শহীদ শান্তিরক্ষীরা হলেন- কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মমিনুল ইসলাম, শামীম রেজা, শান্ত মণ্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

এ ঘটনায় আহত হয়েছেন আরও আট বাংলাদেশি শান্তিরক্ষী। তারা হলেন- কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, ঢাকার কর্পোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মো. মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার এবং নোয়াখালীর সৈনিক মো. মানাজির আহসান।

আহতদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। সফল অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অন্যরা শঙ্কামুক্ত বলে জানা গেছে। তাদের মধ্যে একজন চিকিৎসা শেষে ইতোমধ্যে হাসপাতাল ত্যাগ করেছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শহীদ শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জীবন বাজি রেখে শুধু দেশের জন্য নয়, সমগ্র বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্ব পালন করছিলেন তারা।

সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর এই ছয়জন বীর শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন। জাতিসংঘের পতাকাতলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালনে প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ নিয়েই তারা মিশনে অংশ নেন।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বর্তমানে জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ আবারও বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত