লক্ষ্মীপুরে বসতঘরে অগ্নিসংযোগ, শিশুর মৃত্যু

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:০০ এএম

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। একই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার দুই শিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। তাদের মধ্যে বিথি ও স্মৃতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। ঘটনার রাতে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় ঘুমন্ত শিশু আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর দগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে অগ্নিদগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তাদের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, ‘বেলাল হোসেন আমাদের দলের সহ-সাংগঠনিক সম্পাদক। গভীর রাতে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে এক শিশু নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আমরা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস বলেন, ‘ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের কারণ তদন্ত করা হচ্ছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে এবং আরও তিনজন আহত হয়েছেন। আগুনটি পরিকল্পিত নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত