ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে শিক্ষার্থীদের নিয়ে আটটি বাস রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর উদ্দেশ্যে ছেড়ে গেছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার পর রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে থেকে বাসগুলো রওনা করে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য পাঁচটি লালবাস, শিক্ষকদের জন্য দুটি এসি মিনিবাস ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি লালবাস বরাদ্দ দেওয়া হয়।
ওসমান হাদির জানাজা দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে সকাল থেকেই ছোট ও বড় মিছিল নিয়ে হাজারো মানুষ মানিক মিয়া এভিনিউতে ঢুকছে। তারা হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দিচ্ছে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।