ভারতের বিশ্বকাপ দলে নেই শুবমান, ফিরলেন ইশান কিশান

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। আজ শনিবার বিকালে ঘোষিত এই দলে জায়গা হয়নি টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুবমান গিল ও জিতেশ শর্মার। অন্যদিকে দুর্দান্ত ঘরোয়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অনেকদিন পর আবার জাতীয় দলে ফিরেছেন ইশান কিশান। একই সঙ্গে দলে রয়েছেন রিঙ্কু সিং।

সাম্প্রতিক সিরিজগুলোতে সহ–অধিনায়কের দায়িত্বে থাকা শুবমান গিল শেষ পর্যন্ত নির্বাচকদের আস্থা ধরে রাখতে পারেননি। চলতি বছরে টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্স ছিল তুলনামূলকভাবে দুর্বল। অন্যদিকে ইশান কিষাণ সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসাধারণ ব্যাটিং করে নজর কাড়েন। ঝাড়খণ্ডকে শিরোপা জেতানোর পথে তিনি মাত্র ১০ ইনিংসে পাঁচ শতাধিক রান করেন, যার মধ্যে ছিল দুটি করে সেঞ্চুরি ও ফিফটি।

বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর সহ–অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অক্ষর প্যাটেল। ব্যাটিং বিভাগে আছেন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, ইশান কিষাণ ও রিঙ্কু সিং। অল-রাউন্ডারের ভূমিকায় আছেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দর। বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন জসপ্রিত বুমরা। তার পেস সঙ্গী আর্শদীপ সিং ও হর্ষিত রানা। স্পিন বিভাগে রয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ভারত দল নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজের মাধ্যমেই বিশ্বকাপের আগে দলের চূড়ান্ত প্রস্তুতি শেষ করতে চায় টিম ম্যানেজমেন্ট।

ভারতের বিশ্বকাপ দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষাণ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, রিংকু সিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত