ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেইসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক এ তথ্য জানান।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব পক্ষকে সহিংসতা এড়াতে ও সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মহাসচিব।
এদিকে এ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও। তিনি জানান, ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে হাদির মৃত্যুর ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা কেবল বিভাজনকে আরো গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে।
