জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ এবং তার কর্মীদেরকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ইসরাত রায়হান অমি নামক একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইসরাত রায়হান অমি উপজেলার চরইশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হাতিয়া থানায় তিনটি মামলা রয়েছে।
শুক্রবার রাতে ইসরাত রায়হান অমি জনৈক এনসিপি কর্মীর কাছে মেসেঞ্জারে চরম উসকানিমূলক বার্তা পাঠান। ওই বার্তায় তিনি লেখেন, ‘আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসউদ ও তানভীরসহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তরাঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে।’
বার্তায় আরও বলা হয়, ‘সরাসরি গিলে খেয়ে ফেলবে আমাদের নেতা-কর্মীরা।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গ্রেফতার আব্দুল হান্নান মাসউদকে হুমকিদাতা ইসরাত রায়হান অমির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।
