মায়ামি কোচের সঙ্গে ১২ বছরের প্রেম; বিয়ের আগমুহূর্তে দুর্ঘটনার কবলে মেসির ছোট বোন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম

আর মাত্র দিন দশেক পরেই ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের কোচ জুলিয়ান আরেয়ানোর সঙ্গে লিওনেল মেসির ছোট বোন মারিয়া সোল মেসির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি মায়ামিতে একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন মারিয়া। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন। যে কারণে তাদের বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে। আর্জেন্টাইন গণমাধ্যম ‘ক্লারিন’ এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, এসইউভি গাড়ি চালানোর সময় হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন মারিয়া সোল। এর পরই নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি একটি দেয়ালে ধাক্কা খায়। দুর্ঘটনায় তার কবজি ঝলসে যায়। মেরুদণ্ডের দুটি হাড়ে চিড় ধরেছে এবং পায়ের গোড়ালি ভেঙে গেছে। সুস্থ হতে তাকে দীর্ঘ পুনর্বাসন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী তিন জানুয়ারি রোজারিওতে দীর্ঘদিনের প্রেমিক জুলিয়ান আরেয়ানোর সঙ্গে মারিয়া সোলের বিয়ের কথা ছিল। কিন্তু দুর্ঘটনার পর চিকিৎসকদের পরামর্শে বিয়ে পিছিয়ে দিতে হয়েছে। লিওনেল মেসির ছোট বোন মারিয়া সোল প্রায় ১২ বছর ধরে জুলিয়ান আরেয়ানোর সঙ্গে সম্পর্কে রয়েছেন। জুলিয়ান বর্তমানে ইন্টার মায়ামির অনূর্ধ্ব উনিশ দলের কোচ হিসেবে কাজ করছেন। আর একই ক্লাবের মূল দলের হয়ে মাঠ মাতাচ্ছেন মেসি স্বয়ং। মারিয়া সোল মেসি এবং তার হবু স্বামী জুলিয়ান আরেয়ানো।

রোজারিওর লা বাজাদা এলাকায় কৈশোরেই জুলিয়ান এবং মারিয়ার পরিচয় হয়েছিল। সেখান থেকেই প্রেমের শুরু। দীর্ঘ সময় ধরে পারিবারিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েই তাদের সম্পর্ক এগিয়ে যায়। মিডিয়ার আলো থেকে অনেকটাই দূরে থাকেন মারিয়া সোল। তিনি একজন উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার এবং নারী সাঁতারের পোশাকের একটি ব্র্যান্ডের মালিক। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রোজারিওতেই অবস্থান করছেন।

এদিকে লিওনেল মেসিও ছুটির সময় পরিবারের সঙ্গে কাটাতে ইতোমধ্যে আর্জেন্টিনায় পৌঁছেছেন। ইন্টার মায়ামির সঙ্গে দীর্ঘ মৌসুম শেষে সাম্প্রতিক এমএলএস শিরোপা জয়ের পর তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশে ফিরেছেন। নতুন মৌসুম ও ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির আগে পরিবারকে সময় দিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির পরিবারের সবাই এখন মারিয়া সোলের দ্রুত আরোগ্য কামনা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত