খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তির’ নেতা মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত সোমবার রাতে নগরীর টুটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন খুলনা মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর হোসেন। গুলিকাণ্ডের ঘটনায় মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা থানায় মামলা করেন।
আটক নারীর নাম তনিমা ওরফে তন্বী। সূত্রমতে, তিনি এনসিপির অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তির’ খুলনা জেলা শাখার যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৪ অক্টোবর আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলামের স্বাক্ষরিত ঘোষণায় অনুমোদিত জেলা কমিটিতে তন্বীকে যুগ্ম সদস্যসচিব (১ নম্বর) করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তন্বী নিজেকে অন্তঃসত্তা দাবি করেছেন এবং তার স্বামীর নাম তানভির শেখ বলে উল্লেখ করেছেন। তবে তিনি বিবাহিত বলে জানা গেছে।
ঘটনার দিন সোমবার দুপুর পৌনে ১২টায় সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকায় একটি বাসায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদারকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মাথার সিটি স্ক্যানের জন্য তাকে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে স্থানান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মাদক ও এক নারীর ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। ওই বাসাটি গত নভেম্বর মাসে তন্বী ও এক অজ্ঞাত যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেন। মোতালেব শিকদার নিয়মিত সেখানে যাতায়াত করতেন। ঘটনার পর থেকে তনিমা ও তার কথিত স্বামী আত্মগোপনে ছিলেন।
ডিবির ওসি তৈমুর হোসেন বলেন, আটক ব্যক্তিকে সিনিয়র কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত বলা সম্ভব নয়। প্রাপ্ত তথ্য যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ মণ্ডল জানান, ঘটনা তদন্তাধীন রয়েছে এবং জড়িত অন্যান্যদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
