গোল উদযাপন করতে গিয়ে হামজা সতীর্থের ঘাড় মটকে গিয়েছিল প্রায় 

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

আফ্রিকান নেশনস কাপে শেষ মুহূর্তের সমতায় ফিরেও ভয়ংকর অভিজ্ঞতার মুখে পড়েছিলেন প্যাটসন ডাকা। গোল উদ্‌যাপনের সময় ঘাড়ের ওপর পড়ে গেলেও গুরুতর চোট থেকে রক্ষা পেয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরীর এই লেস্টার সিটি সতীর্থ। 

সোমবার মালির বিপক্ষে জাম্বিয়ার গ্রুপ পর্বের ম্যাচে নাটকীয় এক সমতা এনে দেন ডাকা। নির্ধারিত সময়ের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত এক ক্রসে হেড করে গোল করেন এই ফরোয়ার্ড এই গোলে মরক্কোর বিশাল স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে গোলের আনন্দ মুহূর্তেই আতঙ্কে রূপ নেয়। কর্নার ফ্ল্যাগের দিকে দৌড়ে গিয়ে অ্যাক্রোবেটিক ব্যাকফ্লিপ দেওয়ার চেষ্টা করেন ডাকা। কিন্তু ল্যান্ডিংটা ঠিকমতো হয়নি—ঘাড়ের ওপর ভর করে পড়ে যান তিনি। মাঠে ও টিভির পর্দায় দৃশ্যটি দেখে অনেকেই শিউরে ওঠেন।

কিছু সময়ের জন্য ডাকা মাঠেই পড়ে ছিলেন। সতীর্থরা দ্রুত এগিয়ে এসে তাকে উঠতে সাহায্য করেন। সৌভাগ্যক্রমে বড় কোনো চোট পাননি ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণের পর তিনি ম্যাচের বাকি সময় খেলেন এবং জাম্বিয়াও শেষ পর্যন্ত মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয়।
এই ম্যাচে নাটকীয়তার কমতি ছিল না। প্রথমার্ধে মালির এল বিলাল তুরের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন জাম্বিয়ার গোলরক্ষক উইলার্ড মওয়ানজা। পরে ৬১ মিনিটে মালিকে এগিয়ে দেন তুরে। কিন্তু ম্যাচ শেষের একেবারে শেষ মুহূর্তে ডাকার হেডে সমতায় ফেরে জাম্বিয়া।

প্যাটসন ডাক ক্লাব ফুটবল খেলেন হামজা চৌধুরীর সঙ্গে লেস্টার সিটিতে

ক্লাব ফুটবলে সাম্প্রতিক সময়ে লেস্টার সিটির হয়ে খুব একটা আলোচনায় না থাকলেও জাতীয় দলের জার্সিতে ডাকা বরাবরই গুরুত্বপূর্ণ। ২০২১ সালে প্রিমিয়ার লিগে পা রাখার পর লেস্টারের হয়ে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না করতে পারলেও জাম্বিয়ার হয়ে তার রেকর্ড বেশ উজ্জ্বল—৪৪ ম্যাচে ২১ গোল।

এই ড্রয়ের পর জাম্বিয়া এখন গ্রুপে টিকে থাকার লড়াইয়ে রয়েছে। শুক্রবার কোমোরোসের বিপক্ষে তাদের পরের ম্যাচ। কোচ মোজেস সিচোনের আশা, ভয়ংকর সেই পতনের পরও ডাকা পুরোপুরি সুস্থ থাকবেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত