আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থাইল্যান্ডের ময়দানে শুরু হচ্ছে যথাক্রমে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। দুই বিভাগেই অংশগ্রহণ করবে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চূড়ান্ত ১৬ সদস্যের নারী ও পুরুষ স্কোয়াড ঘোষণা করেছে।
নারী দলের নেতৃত্বে থাকবেন সাবিনা খাতুন, যিনি আগে দীর্ঘ সময় জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে মতবিরোধের কারণে তিনি জাতীয় দলের ডাক না পাওয়া পর্যন্ত ফুটবলের বাইরে ছিলেন। তবে ফুটসালের মাধ্যমে তিনি আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরছেন। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সুমাইয়া মাতসুমিসমা। সাবিনা ও সুমাইয়ার বিদেশে ফুটসাল খেলার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।
নারী দলে আরও যোগ হয়েছেন জাতীয় দলের প্রাক্তন নির্ভরযোগ্য ফুটবলার মার্জিয়া ও মিসরাত জাহান মৌসুমী। দীর্ঘ কয়েক বছর জাতীয় দলের ক্যাম্পের বাইরে থাকা এই দুই খেলোয়াড় এবার আবার ফুটবলাঙ্গনে ফিরছেন এবং চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের নারী ফুটবল দল সর্বশেষ ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। ৭ বছর পর আবার আন্তর্জাতিক ফুটসাল মঞ্চে তারা উপস্থিত হচ্ছে, এবারও অধিনায়ক সাবিনা খাতুন।
বাংলাদেশ দল: সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জুলি।
পুরুষ দলের ক্ষেত্রে তেমন কোনো চমক নেই। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটসাল বাছাইয়ে অধিনায়কত্ব করা রাহবার খান এবারও দলের নেতৃত্বে থাকবেন। স্কোয়াডের অনেক খেলোয়াড় আগের সাফ টুর্নামেন্টের অভিজ্ঞতা সম্পন্ন। নতুন মুখের মধ্যে অন্যতম ইংল্যান্ড প্রবাসী ইমান আলম।