ভারতের কেরালার পালাক্কাড জেলায় বাংলাদেশি নাগরিক সন্দেহে একদল মানুষের মারধরে নিহত হয়েছেন ছত্তিশগড়ের এক পরিযায়ী শ্রমিক।
বিবিসি বাংলার সূত্রে জানা যায় নিহতের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা এবং কাজের খোঁজে কেরালায় গিয়েছিলেন। গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ভালয়ার থানার অধীন আত্তাপল্লম এলাকায় স্থানীয় বাসিন্দারা চুরির সন্দেহে তাঁকে আটক করে পরিচয় জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে পুলিশ জানায়, তাঁর কাছ থেকে কোনও চুরি করা সামগ্রী উদ্ধার হয়নি। তবুও তাঁকে নির্মমভাবে মারধর করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, প্রায় অচেতন অবস্থায় রামনারায়ণকে বারবার 'বাংলাদেশি' বলে সম্বোধন করে মারধর করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্টে তাঁর শরীরে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গুরুতর মাথার আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের মত।
কেরালা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে এবং আত্তাপল্লম গ্রামের বাসিন্দা মুরলি, প্রসাদ, অনু, বিপিন ও আনন্দন—এই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, রামনারায়ণের কোনও অপরাধমূলক অতীত ছিল না।
রামনারায়ণের আত্মীয় শশীকান্ত বাঘেল জানান, পরিবারটি এই ঘটনায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। এদিকে ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং নিহতের পরিবারকে সহায়তা দিতে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
