কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষায় শিক্ষকের উপস্থিতিতে প্রকাশ্যে বই-খাতা খুলে উত্তর লেখার অভিযোগ ওঠায় একটি পরীক্ষাকেন্দ্র স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্র স্থানান্তরের নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ বরাবর এ সংক্রান্ত একটি নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস।
নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষা-২০২৪ নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশে না হওয়ায় পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্র স্থগিত করা হলো। পরবর্তী পরীক্ষাগুলো কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার্থীদের অলিখিত উত্তরপত্র, পরীক্ষা-সংক্রান্ত সব নথিপত্র, আয়-ব্যয়ের হিসাবসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ২৪ ডিসেম্বরের মধ্যে কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের কাছে হস্তান্তর করতে হবে। পাশাপাশি পরীক্ষায় প্রকাশ্যে বই দেখে উত্তর লেখার অভিযোগের বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিভিন্ন গণমাধ্যমে পরীক্ষাকেন্দ্রে নকলের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। এরপর সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, ‘বুধবার দুপুর আড়াইটার দিকে ই-মেইলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নোটিশ পেয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। আজই সব কাগজপত্র হস্তান্তর করা হবে।’
কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা বলেন, ‘পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। তিনি আজ রাতের মধ্যেই প্রয়োজনীয় সব কাগজপত্র বুঝিয়ে দেবেন।
