ভারতে বড়দিন উদযাপনে বিক্ষোভ ও হামলা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে আবারও বাধা সৃষ্টি হয়েছে। আসামের নালবাড়ি জেলায় গত বুধবার (২৪ ডিসেম্বর) একটি স্কুলে বড়দিন উপলক্ষে সাজানো ক্রিসমাস সাজসজ্জা ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের সদস্যদের বিরুদ্ধে উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিএইচপি ও বজরং দলের কয়েকজন সদস্য নালবাড়ির পানিগাঁও গ্রামের সেন্ট মেরিস স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে বড়দিনের সাজসজ্জা ও পোস্টার ছিঁড়ে ফেলে এবং আগুন ধরিয়ে দেয়। ইন্ডিয়া টুডি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি 'জয় শ্রী রাম' স্লোগান দিতে দিতে ক্রিসমাস সাজসজ্জায় আগুন দিচ্ছে।
 
একই দিনে নালবাড়ির আরেকটি ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ জন বজরং দলের সদস্য একটি দোকানে রাখা বড়দিনের সাজসজ্জার সামগ্রী পুড়িয়ে দেয় এবং দোকানটি বন্ধ করতে বাধ্য করে। দোকানদারের দাবি, তিনি জানতেন না যে সাজসজ্জা বিক্রি করা যাবে না। অভিযুক্তরা পণ্যগুলো নর্দমায় ফেলে আগুন ধরিয়ে দেয়।

ভারতের অন্যান্য রাজ্যেও বড়দিন উপলক্ষে খ্রিস্টানদের ওপর হামলা বা উৎসব ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে। কেরালার পালাক্কাড় জেলার পুদুস্সেরি গ্রামে ক্যারল গান পরিবেশনের সময় শিশুদের ওপর হামলার ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি হোটেল গঙ্গার তীরে বড়দিনের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে। দিল্লির লাজপত নগরে সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে সান্তা ক্লজের টুপি পরা নারী ও শিশুদের হুমকি দিতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, এটি সীমিত মৌখিক বিরোধ ছিল এবং তা কোনো বড় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পরিণত হয়নি।

এর আগে মঙ্গলবার ক্যাথলিক বিশপস কনফারেন্স অব ইন্ডিয়া দেশের বিভিন্ন রাজ্যে বড়দিনের আগে খ্রিস্টানদের ওপর হামলার ‘উদ্বেগজনক বৃদ্ধি’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। তারা বলেছে, এই ধরনের ঘটনা সংবিধানে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা ও নির্ভয়ে উপাসনার অধিকারের পরিপন্থি। বিশেষ করে মধ্যপ্রদেশের জবলপুরে একটি গির্জায় বড়দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া দৃষ্টিপ্রতিবন্ধী এক নারীকে বিজেপির স্থানীয় নেত্রী অঞ্জু ভার্গভা শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় সংগঠনটি ‘মর্মাহত’ হয়েছে। অভিযোগ অনুসারে, ওই নেত্রী নারীর বিরুদ্ধে ধর্মান্তরের অভিযোগ তোলেন, এবং ঘটনাস্থলে একজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত