ঘন কুয়াশায় বন্ধ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুই দফা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে ফে‌রি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে রাত পৌনে ১টার দিকে সীমিত পরিসরে চলাচল শুরু হলেও রাত আড়াইটার দিকে পুনরায় কুয়াশা ঘন হয়ে ওঠায় আবারও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এরপর ভোর ৫টায় দৃষ্টিসীমা কিছুটা স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে আরিচা-কাজিরহাট নৌরুটেও ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার রাত ৯টা থেকে এ রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, কুয়াশা কেটে নদীতে দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় বর্তমানে পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আবারও সাময়িকভাবে চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত