আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে অপেক্ষারত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। অপেক্ষায় ছিলেন তারেক রহমানের শাশুড়িও।
ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন। এ ছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
পরে তিনি কুশল বিনিময় করেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে। এসময় শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করতে দেখা যায় তারেক রহমানকে। আর শাশুড়ি মেয়ের জামাইকে গোপাল ফুলেল মালা পরিয়ে বরণ করে নেন।এরপর দুজন কুশল বিনিময় করেন।
পরে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান নানীকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে সোফায় বসে তার মেয়ে, মেয়ের জামাই ও নাতনিকে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়।
