বেলুচিস্তানে নিরাপত্তা অভিযানে আট জঙ্গি নিহত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে আট জঙ্গি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে আগাম তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। অভিযানের স্থান থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিহত জঙ্গিরা একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করেছে সেনাবাহিনী। এলাকায় অন্য কোনো জঙ্গি লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, 'আজম-ই-ইস্তেহকাম' কৌশলের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

২০২১ সালের পর থেকে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলা বাড়ার প্রেক্ষাপটে এই অভিযান পরিচালিত হলো। একই সঙ্গে সীমান্তপারের জঙ্গি তৎপরতা নিয়ে উত্তেজনা এবং পাকিস্তানি বাহিনী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলায় জড়িত গোষ্ঠীগুলোকে সমর্থনের অভিযোগে আফগানিস্তানের কাছে সাম্প্রতিক কূটনৈতিক প্রতিবাদও এর পটভূমিতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত