রোজারিওতে পরিবার ও ঘনিষ্ঠ স্বজনদের সঙ্গে বড়দিন উদযাপন করেছেন লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জো। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে এই তারকা দম্পতির ঘরোয়া উদযাপনের ঝলক দেখা গেছে। একই সঙ্গে উৎসবের নানা খুঁটিনাটি মুহূর্তও ভাগ করে নিয়েছেন আন্তোনেলা।
বড়দিনের রাতে আন্তোনেলা তার সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তা দিয়ে একটি ছবি প্রকাশ করেন, যেখানে মেসির সঙ্গে তার হাস্যোজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে। পাশাপাশি তিনি পরিবারের জন্য সাজানো খাবারের টেবিলের ছবিও শেয়ার করেন। বিশেষ করে মিষ্টান্নের টেবিলটি নজরকাড়া। সেখানে ছিল নানা ধরনের চকলেট ও মিষ্টিজাতীয় খাবার।
প্রতিবছরের মতো এবারও উৎসবের সময় নিজ শহর রোজারিওতেই সময় কাটাচ্ছেন মেসি। পরিবারকে ঘিরে এই ঘরোয়া পরিবেশই তার কাছে সবচেয়ে পছন্দের। জানা গেছে, বছরের শেষ কয়েকটা দিন তিনি আর্জেন্টিনাতেই থাকবেন। যদিও ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজের কন্যার জন্মদিন উপলক্ষে স্বল্প সময়ের জন্য প্রতিবেশী দেশে যাওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
চলতি মৌসুম শেষ হওয়ার পর থেকেই ছুটির আমেজে রয়েছেন মেসি। ক্লাব পর্যায়ের ব্যস্ততা শেষ করে পরিবারকে সময় দিচ্ছেন। বড়দিনের এই উদযাপন ছিল তার জন্য ভিন্ন এক আবহের, যেখানে ফুটবল মাঠের চাপ নেই, আছে শুধুই পরিবার আর আপনজনদের সঙ্গে কাটানো সুন্দর সময়। পারিবারিক আবহে তাদের এই বড়দিন উদযাপন ভক্তদেরও মন ভরিয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়াকে মাত্র ১৫২ রানে গুটিয়ে দিল ইংল্যান্ড