জাপানের শিজুওকায় ছুরিকাঘাতে আহত ১৪

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম

জাপানের শিজুওকা উপদ্বীপের মিশিমা শহরের একটি কারখানায় ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে এ হামলার সময় কারখানার ভেতরে এক ধরনের অজ্ঞাত তরল ছিটানো হয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
 
মিশিমা সিটি ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা তোমোহারা সুগিয়ামা জানান, বিকেল সাড়ে ৪টার একজন ব্যক্তি কারখানায় এলোপাতাড়ি পাঁচ থেকে ছয়জনকে ছুরিকাঘাত করে এবং স্প্রে জাতীয় কোনো তরল ব্যবহার করে। আহত ১৪ জনকে জরুরি চিকিৎসা সেবার আওতায় নেওয়া হয়েছে, যাদের মধ্যে অন্তত ছয়জনকে একাধিক অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। তবে আহতদের জখমের ধরন ও অবস্থা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি, যদিও জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে—সবাই তখন সচেতন ছিলেন।  

ঘটনার পর পুলিশ একজন ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে। দেশটির গণমাধ্যম আসাহি শিম্বুন জানিয়েছে হামলার সময় তার মুখে গ্যাস মাস্কের মতো কিছু ছিল এবং তিনি একটি 'সারভাইভাল নাইফ' বহন করছিলেন। ঘটনাস্থলটি ইয়োকোহামা রাবার কোম্পানির পরিচালিত একটি কারখানা, যেখানে যাত্রীবাহী গাড়ির টায়ার উৎপাদন করা হয়। মিশিমা স্টেশন থেকে প্রায় ২.৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই কারখানায় ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ৯৮৭ জন কর্মী কাজ করতেন বলে কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত