গুলিস্তান জিরো পয়েন্টে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থিত একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় অর্থাৎ সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আটতলা ভবনটির ছাদে থাকা গোডাউনে আগুন লাগে। সংবাদ পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ছবি: দেশ রূপান্তর

বাণিজ্যিক ভবনটির ওপরের তলায় গোডাউন হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা। নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং রাস্তায় মানুষের ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে বেগ পেতে হলেও কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিকাল পৌনে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে সর্বশেষ তথ্যে জানা গেছে। পার্শ্ববর্তী ভবনগুলো থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত