গণঅধিকার পরিষদ থেকে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
রাশেদ খানের গণঅধিকার ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি গণমাধ্যমে আসার পরই এমন সিদ্ধান্ত নিল দলটি।
গণঅধিকারের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাওয়ায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে শুক্রবার রাতে দলটির সভাপতি নুরুল হক নুরের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ নিয়ে ঝিনাইদহ- ৪ থেকে এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী-৩ থেকে নির্বাচন করবেন।
