কুষ্টিয়া ভেড়ামারায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ষোল দাগ ক্যানেলপাড়ার হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের সিয়াম হোসেন (১৯) ও কুড়িপোল গ্রামের আব্দুর রশীদ (১৮)।
ভেড়ামরা থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক এস এম কামরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল আরোহী দুই যুবক বেপরোয়া গতিতে আঁকা বাঁকা হয়ে চালাচ্ছিলেন। এ সময় ভেড়ামারা ষোল দাগ ক্যানেলপাড়ার হাসপাতাল রোডে এসে ঢাকা থেকে আসা ভেড়ামারাগামী আসবাবপত্র বোঝাই একটি মিনি ট্রাক সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলের অদূরে চালকবিহীন ওই মিনি ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
