বিশ্বকাপের আগে টিম ডেভিডের ইনজুরি; শঙ্কায় অস্ট্রেলিয়া

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির পথে বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে হার্ডহিটার ব্যাটার টিম ডেভিডের ইনজুরি। বিগ ব্যাশ লিগে (বিবিএল) পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি, যা নিরাময়ের জন্য এখন রীতিমতো সময়ের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে অস্ট্রেলিয়ার ডাক্তারদের।

গতকাল শুক্রবার পার্থ স্টেডিয়ামে হোবার্ট হারিকেন্সের হয়ে ব্যাটিং করার সময় উইকেটের মাঝে দৌড়াতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন ২৯ বছর বয়সী ডেভিড। এরপর মেডিকেল স্টাফের পরামর্শে ২৮ বলে ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। হারিকেন্স শেষ পর্যন্ত ৪ উইকেটে ম্যাচটি জিতলেও দলের অধিনায়ক নাথান এলিস জানান, সতীর্থের এই চোটে তিনি ভীষণভাবে হতাশ।

এটি চলতি বছরে ডেভিডের দ্বিতীয় হ্যামস্ট্রিং ইনজুরি। এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময় গুরুতর চোটে পড়ে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। সে কারণে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও পাঁচ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে খেলতে পেরেছিলেন। হোবার্ট হারিকেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ডেভিডের স্ক্যান করা হবে।

বিবিএলের সংক্ষিপ্ত মৌসুম শেষ হবে ২৫ জানুয়ারি, ফলে শিরোপা ধরে রাখার লক্ষ্যে হারিকেন্সের হয়ে দ্রুত ফিট হওয়ার সময় খুব বেশি নেই তার হাতে। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। বিশ্বের অন্যতম বিধ্বংসী টি–টোয়েন্টি ব্যাটার হিসেবে পরিচিত ডেভিড অস্ট্রেলিয়ার শিরোপা স্বপ্নের গুরুত্বপূর্ণ অংশ।

ম্যাচ শেষে ডেভিড বলেন, ‘দুই রান নেওয়ার সময় হালকা একটা কিছু অনুভব করেছি। আদর্শ পরিস্থিতি নয়, তবে চোট বাড়াতে চাইনি। এখন অপেক্ষা করে দেখতে হবে।’ হারিকেন্স অধিনায়ক নাথান এলিস বলেন, ‘বিশ্বকাপের কথাও মাথায় আছে আমাদের। আশা করছি, সব ঠিকঠাক করলে টুর্নামেন্টের শেষ দিকে এবং বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে তাকে ফিট অবস্থায় পাওয়া যাবে।’

টি–টোয়েন্টি ক্যারিয়ারে ডেভিড এখন পর্যন্ত ৬৮ ম্যাচে ৩৬.২৭ গড়ে এবং ১৬৮.৮৮ স্ট্রাইক রেটে রান করেছেন। চলতি বছরে চার–পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে তিনি নিজের প্রথম টি–টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত