নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে: আদিলুর রহমান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সরকার দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। তবে জনগণ সরকারের পাশে থাকবে। এই নির্বাচন অবশ্যই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, দেশের কোনো দেশপ্রেমিক মানুষ নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করবে না। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে।

এর আগে উপদেষ্টা শহীদ মামুনের কবর জিয়ারত করেন, জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আরও বলেন, সরকার প্রতিটি জেলায় গিয়ে উন্নয়নমূলক কাজ পরিদর্শনের পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করছে এবং তাঁদের পরিবারের খোঁজখবর নিচ্ছে।

এদিন উপদেষ্টার কর্মসূচির মধ্যে ছিল শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, শকুনী লেক পরিদর্শন, লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন এবং নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় সভা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত