অবৈধ অস্ত্র ও পেশিশক্তির প্রভাব বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়— এমন মন্তব্য নির্বাচন বিশেষজ্ঞদের। বিগত কয়েকটি নির্বাচন নিয়ে জনমনে ব্যাপক অসন্তোষ থাকায় একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আজ অত্যন্ত জরুরি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে খুলনা মহানগরীর শিল্পকলা মিলনায়তনে ইমপেক্ট ইনিশিয়েটিভ ও ভয়েস নেটওয়ার্কের উদ্যোগে দিনব্যাপী নির্বাচন পর্যবেক্ষক প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে শক্তিশালী ও প্রশিক্ষিত পর্যবেক্ষণ ব্যবস্থা জরুরি বলে জানান তারা। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি।
তিনি বলেন, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে এই প্রশিক্ষণ ম্যানুয়াল অপরিহার্য। এর মাধ্যমে পর্যবেক্ষকরা তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে বুঝতে ও পালন করতে সক্ষম হবেন। এ লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’ প্রণীত ‘নির্বাচন পর্যবেক্ষণ ম্যানুয়াল’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে বক্তারা বলেন, সংশ্লিষ্ট সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন, তাহলে বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
তারা উল্লেখ করেন, পরপর কয়েকটি নির্বাচনে জনগণের প্রকৃত ভোটাধিকার প্রয়োগ সীমিত ছিল, যার ফলে একটি পুরো প্রজন্ম স্বাধীন ও নিশ্চিন্তভাবে ভোট দেয়ার অভিজ্ঞতা থেকে বঞ্চিত। একটি অনুকূল, অবাধ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন পরিচালনায় জড়িত সকল প্রতিষ্ঠানের আন্তরিকতা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
তারা আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য অনুষঙ্গ, যা গণতান্ত্রিক ভিতকে মজবুত করে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক শাসনের মূল ভিত্তি। নিরপেক্ষ পর্যবেক্ষকদের উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা বাড়ায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করে।
ভয়েস নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটির সভাপতি ও ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে স্বাগত বক্তৃতা করেন ভয়েস নেটওয়ার্কের ভাইস চেয়ারম্যান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক।
কর্মশালায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার তিন শতাধিক পর্যবেক্ষক অংশ নেন। এতে পর্যবেক্ষণের নীতি-পদ্ধতি, নির্বাচনী আইন-বিধি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
