চেরকির গোল-অ্যাসিস্টে ম্যানসিটির টানা আট জয়

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম

নটিংহ্যাম ফরেস্টকে ২–১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি । শনিবার সিটি গ্রাউন্ডে হওয়া ম্যাচে শেষ দিকে রায়ান চেরকির গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে পেপ গুয়ার্দিওলার দল।

ম্যাচের ৮৩তম মিনিটে ফ্রান্স ফরোয়ার্ড চেরকি ভিড়ের মধ্যে থেকে নেওয়া শটে জয়সূচক গোলটি করেন। এই জয়ে লিগে একের পর এক ছয়টি ম্যাচ জিতল সিটি, আর সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের জয়রথ দাঁড়াল টানা আট ম্যাচে। আপাতত লিগ টেবিলের শীর্ষেও উঠে গেছে সিটিজেনরা—আর্সেনালের চেয়ে এক পয়েন্ট এগিয়ে, যদিও শনিবারই ব্রাইটনের বিপক্ষে ম্যাচ খেলতে নামার কথা আর্সেনালের।

ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মধ্যেই সিটিকে এগিয়ে দেন তিজানি রেইনডার্স। ওই গোলে সহায়তা করেন চেরকি নিজেই—দৃষ্টিনন্দন এক পাসে রক্ষণ ভেঙে দেন তিনি। তবে অবনমন লড়াইয়ে থাকা ফরেস্ট হাল ছাড়েনি। ওমারি হাচিনসনের গোলে তারা সমতায় ফেরে এবং দীর্ঘ সময় ধরে একটি মূল্যবান পয়েন্ট ধরে রাখার চেষ্টা করে। শেষ পর্যন্ত চেরকির জালে বল পাঠানোয় ভেঙে যায় ফরেস্টের প্রতিরোধ।

ম্যাচ শেষে চেরকি বলেন, “আজকের জয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জেতা কঠিন ছিল, দল হিসেবে আমরা গর্বিত।” সাম্প্রতিক তিন ম্যাচে এটি তার দ্বিতীয় গোল, সব মিলিয়ে মৌসুমে পঞ্চম।

শেষ বাঁশি বাজার পর অতিথি গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গে উদ্‌যাপনে মেতে ওঠেন গুয়ার্দিওলাও। গত মৌসুমে লিভারপুলের কাছে শিরোপা হাতছাড়া করা সিটি যে এবার আবার শিরোপা পুনরুদ্ধারে প্রস্তুত—এই জয় যেন তারই বার্তা দিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত