ভেনাস-আন্দ্রেয়ার ইয়ে করে বিয়েতে সেরেনা দিলেন ইয়ট পার্টি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

২০২৫ সালটি ভেনাস উইলিয়ামসের জীবনে এনে দিয়েছে এক বড় পরিবর্তন। বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা গত সপ্তাহে ইতালীয় মডেল ও ব্যবসায়ী আন্দ্রেয়া প্রেতিকে বিয়ে করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া তাদের সম্পর্ক খুব অল্প সময়েই ভালোবাসা, সংকট ও বিশ্বাসের নানা পরীক্ষার ভেতর দিয়ে এগিয়ে গিয়ে পরিণতি পেয়েছে বৈবাহিক বন্ধনে।

ভেনাস ও আন্দ্রেয়ার প্রথম দেখা হয় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মিলানের ফ্যাশন উইকে। দুজনেরই সেখানে যাওয়ার কথা ছিল না—ভেনাস তখন লেক কোমোতে বোনদের সঙ্গে ভ্রমণে, আর আন্দ্রেয়া ছিলেন ক্লান্ত। শেষ মুহূর্তের এক আমন্ত্রণে হঠাৎ করেই মিলানের গুচ্চি শোতে হাজির হন ভেনাস। সেখানেই ভাগ্যের অদ্ভুত খেলায় তাদের পরিচয়। ভোগ ম্যাগাজিনকে ভেনাস বলেন, “কেউ ভাবেনি আমরা সেখানে থাকব। কিন্তু সেদিনই আমাদের দেখা হয়ে গেল।”

ভেনাস ও আন্দ্রেয়া

তৎকালীন অলিম্পিক চারবারের স্বর্ণজয়ী ভেনাস তখন ছয় বছর ধরে সিঙ্গেল। গুচ্চির শোয়ের পর আন্দ্রেয়ার আয়োজিত এক ভিআইপি আড্ডায় আমন্ত্রিত হন তিনি। সেখানেই শুরু হয় দুজনের কথোপকথন। আন্দ্রেয়ার পরিবারও খুব দ্রুত ভেনাসকে আপন করে নেয়। নম্বর বিনিময়ের পর সম্পর্ক এগোয় লন্ডন পর্যন্ত, যেখানে ভেনাস তাকে নিজের পরিবার—মা ও দুই বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ভেনাসের কথায়, “আমি আর গোপনে হাঁটার বয়সে নেই। যা করছি, তা স্পষ্টভাবেই করছি।”

লন্ডনের কয়েকটি ডেটের পরই ভেনাস বুঝে যান, আন্দ্রেয়াই তার ভবিষ্যৎ। কিন্তু সম্পর্কের শুরুর দিকেই আসে বড় ধাক্কা। ভেনাসের শরীরে ধরা পড়ে অ্যাডেনোমায়োসিস—একটি জটিল গাইনোকোলজিক্যাল সমস্যা, যা তীব্র যন্ত্রণা ও মানসিক চাপ তৈরি করে। ভুল রোগনির্ণয়ের কারণে চিকিৎসাও পিছিয়ে যায়। এই সময়টাতেই আন্দ্রেয়ার পাশে থাকার বিষয়টি তাদের সম্পর্ককে নতুন মাত্রা দেয়। ইতালিতে নিজের পরিচিত এক চিকিৎসকের সঙ্গে ভেনাসের যোগাযোগ করিয়ে দেন তিনি। পরিচয়ের মাত্র এক মাসের মাথায় ভেনাসের অস্ত্রোপচার হয়। ভেনাস পরে বলেন, “এটাই ছিল আমাদের সম্পর্কের আসল পরীক্ষা।”

২০২৫ সালের ৩১ জানুয়ারি টাসকানিতে এক রোমান্টিক ভ্রমণের সময় আন্দ্রেয়া বিয়ের প্রস্তাব দেন। রাতের খাবারের সময় তারকার দিকে তাকিয়ে একটি ইচ্ছে বলার কথা বলেন তিনি। ঘুরে তাকাতেই ভেনাস দেখেন আংটি। উত্তরে বারবার ‘হ্যাঁ’ বলতে বলতে তিনি আনন্দে লাফিয়ে ওঠেন—ঠিক যেমন গুরুত্বপূর্ণ ম্যাচ জিতলে করেন।

ভোগ–এর তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর ইতালির ইশিয়ায় বিয়ের পরিকল্পনা থাকলেও আইনি জটিলতার কারণে তা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ফলে দ্বিতীয় আয়োজন হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে। প্রায় এক সপ্তাহব্যাপী এই বিয়ের আয়োজনের সূচনা হয় সেরেনা উইলিয়ামসের উপহার দেওয়া একটি ইয়ট পার্টি দিয়ে। এরপর ব্যাচেলরেট পার্টি, পুল পার্টি, বন্ধু–পরিবারের সঙ্গে নৈশভোজ ও খেলাধুলায় ভরা দিন—সব মিলিয়ে উৎসবের রেশ ছড়িয়ে পড়ে কয়েক দিন ধরে।

সেরেনার দেয়া ইয়ট পাটিতে ভেনাস-আন্দ্রেয়া

শুক্রবার ভোরে গোপনে আদালতে আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়। ভেনাসের ভাষায়, “এটা ছিল শান্ত, পবিত্র ও স্বপ্নের মতো।” শনিবার হয় মূল অনুষ্ঠান। ভেনাস পরেছিলেন লেবানিজ ডিজাইনার জর্জেস হোবেইকার পোশাক। আন্দ্রেয়ার সংগীত নির্বাচনেও ছিল ব্যক্তিগত আবেগ—দাদির স্মৃতিতে বেছে নেওয়া গান। উৎসবের শেষ রাতে ক্লান্ত হলেও অতিথিদের সঙ্গে নাচে যোগ দেন নবদম্পতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত